মেসির পক্ষে ট্রাম্পের মন্তব্যের পরই আর্জেন্টিনার হার, ফের আলোচনায় ‘ট্রাম্প কার্স’
স্পেনের কাছে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর আবারও আলোচনায় এসেছে কথিত ‘ট্রাম্প কার্স’ বা ‘ট্রাম্পের অভিশাপ’। ম্যাচের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিওনেল মেসির প্রশংসা করে বলেছিলেন, তার বিপক্ষে বাজি ধরা কঠিন। এরপরই ফাইনালে হেরে শিরোপা হারায় আর্জেন্টিনা।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি কোনো দলের পক্ষ নিচ্ছেন না, তবে মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন। তার ভাষায়, ‘আমি কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু মেসি সত্যিই অসাধারণ।’
ট্রাম্প ফাইনাল ম্যাচেও উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাঠে নামার সময় গ্যালারির একাংশ থেকে তাকে দুয়ো দেওয়া হয়। এ সময় রৌপ্যপদক গ্রহণের সময় মেসির সঙ্গে তার সংক্ষিপ্ত সাক্ষাৎও হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, ট্রাম্প যাদের প্রকাশ্যে সমর্থন দেন বা যাদের পক্ষে মন্তব্য করেন, তাদের অনেকেই পরে হেরে যায়। যদিও এর পক্ষে কোনো বাস্তব বা বৈজ্ঞানিক প্রমাণ নেই; বিষয়টি মূলত ক্রীড়াভক্তদের মধ্যে প্রচলিত একটি কৌতুকপূর্ণ বা কুসংস্কারভিত্তিক আলোচনা।
সাম্প্রতিক সময়ে এমন কয়েকটি ঘটনাও আলোচনায় এসেছে। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প মন্তব্য করার পর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে যুক্তরাষ্ট্র বিদায় নেয়। একই বছর এনবিএ ফাইনালে ট্রাম্প উপস্থিত থাকা একমাত্র ম্যাচে নিউইয়র্ক নিকস হেরে যায়। এছাড়া ২০২৫ সালের রাইডার কাপে যুক্তরাষ্ট্রের জয়ের ভবিষ্যদ্বাণী করলেও শেষ পর্যন্ত ইউরোপ শিরোপা জেতে।
এসব ঘটনার পর সামাজিক মাধ্যমে আবারও ‘ট্রাম্প কার্স’ নিয়ে আলোচনা শুরু হলেও এগুলো নিছক কাকতালীয় ঘটনা বলেই অধিকাংশ বিশ্লেষক মনে করেন। কোনো ব্যক্তি বা মন্তব্যের কারণে কোনো দল বা খেলোয়াড়ের পরাজয় ঘটে—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ নেই।
মতামত দিন