নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ আর সিএনএনকে ‘নির্বোধ’ বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ পরিবেশনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক টাইমস ও সিএনএনের তীব্র সমালোচনা করেছেন। তিনি সিএনএনকে ‘নির্বোধ’ এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে অভিহিত করেছেন।
আনাদোলু সংবাদ সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ওভাল অফিসের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, তিনি ইরানকে ‘সামরিকভাবে পঙ্গু’ করে দিয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সীমিত করার ডেমোক্র্যাটিক পার্টির প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘আমি প্রতিদিন পড়ি আমাদের সামরিক বাহিনী কতটা ভালো করছে। তারপরও আমি নিউইয়র্ক টাইমস এবং নির্বোধ সিএনএন দেখি—কারণ শত্রুদের একটু হলেও দেখতে হয়।’
এই দুটি সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে মনে হচ্ছে ইরান ‘যুদ্ধে জয়ী হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি। নিউইয়র্ক টাইমস প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি আসলে রাষ্ট্রদ্রোহিতামূলক। কিছু কলামিস্টের লেখা পড়া যায়, তবে সবকিছু ওপর থেকেই চাপিয়ে দেওয়া হয়। এটি ভয়ানক।’
এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পর্ষদ মন্তব্য করেছিল, ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী ‘তার ধার হারাচ্ছে’ এবং কৌশলগত অর্জনগুলো সামগ্রিক বিজয়ে রূপান্তরিত হয়নি। এর ফলে ওয়াশিংটনের অবস্থান আরও দুর্বল হতে পারে বলেও তারা যুক্তি দিয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে