চাঁদের মালিক যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চাঁদের মালিক যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে চাঁদের একটি ছবি পোস্ট করে তার ওপর লিখেছেন, ‘দ্য মুন ইজ আওয়ার্স’, অর্থাৎ ‘চাঁদ আমাদের’। ছবিটির পাশে যুক্তরাষ্ট্রের একটি পতাকাও যুক্ত করেন তিনি।
রোববার চাঁদের ছবিটি পোস্ট করার কয়েক মিনিট আগে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের নতুন কালো রঙের ইউনিফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি শেয়ার করেন। ইউনিফর্মগুলোর রংকে তিনি ‘স্পেস গ্রে, মিডনাইট ব্ল্যাক, সিলভার গ্রে এবং স্যাটিন ব্ল্যাক’ হিসেবে বর্ণনা করেন।
ইউনিফর্মে কাঁধ ও কলারে বিভিন্ন প্রতীক, হাতায় প্যাচ এবং একটি বেল্ট রয়েছে।
ট্রাম্পের চাঁদের মালিকানা দাবি এবং স্পেস ফোর্সের নতুন ইউনিফর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে ইউনিফর্মগুলোকে ‘স্টার ওয়ার্স’ চলচ্চিত্রের ইম্পেরিয়াল সামরিক বাহিনীর পোশাকের সঙ্গে তুলনা করেছেন।
এক ব্যবহারকারী লেখেন, ‘স্টার ওয়ার্সের ইম্পেরিয়াল মার্চ বাজান।’ আরেকজন ইউনিফর্মগুলোকে ‘নিশ্চিতভাবেই স্টার ওয়ার্সের ইম্পেরিয়াল আর্মির মতো’ বলে মন্তব্য করেন।
আরেক ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘চাঁদেই কেন থামবেন? মঙ্গলগ্রহের কী হবে? অথবা আরও ভালো, তার সূর্যে যাওয়া উচিত।’ আরেকজন লেখেন, ‘দ্রুত! কীভাবে আমরা মঙ্গলবাসীদের সতর্ক করব?’
তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটির বিধান সাংঘর্ষিক। যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ ওই চুক্তিতে স্বাক্ষর করেছে। চুক্তিতে বলা হয়েছে, কোনো দেশ সার্বভৌমত্ব, ব্যবহার বা দখলের মাধ্যমে চাঁদ কিংবা অন্য কোনো মহাজাগতিক বস্তুর ওপর মালিকানা দাবি করতে পারবে না।
মতামত দিন