Views Bangladesh Logo

যৌথ অভিযানে আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা নিহত, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাইজেরিয়ার অভ্যন্তরে এই অভিযানটি চালানো হয়।

শুক্রবার (১৫ মে) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ পরিচালনায় এই ‘অত্যন্ত সুসমন্বিত ও সুর্নিদিষ্ট অভিযানটি’ সম্পন্ন হয়েছে। নিহত আল-মিনুকিকে তিনি ‘বিশ্বের অন্যতম সক্রিয় সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্পের দাবি অনুযায়ী, আল-মিনুকি আফ্রিকা থেকে তার কার্যক্রম পরিচালনা করছিলেন এবং সেখান থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকনির্দেশনা দিচ্ছিলেন তিনি। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে তার গতিবিধির ওপর নজর রাখছিল। এই অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারের ভূয়সী প্রশংসা করলেও অভিযানটি ঠিক কবে এবং কোন এলাকায় চালানো হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি ট্রাম্প।

এর আগে ২০২৩ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর আল-মিনুকিকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছিল। ট্রাম্প দাবি করেছেন, তার এই মৃত্যুর ফলে বিশ্বজুড়ে আইএসের সামগ্রিক কার্যক্রম বড় ধরনের ধাক্কা খাবে।

নাইজেরিয়া দীর্ঘ সময় ধরে চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতা ও সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করে আসছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম এবং আইএসের সহযোগী বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী সক্রিয় রয়েছে। নাইজেরীয় কর্তৃপক্ষের তথ্যমতে, এই গোষ্ঠীগুলো স্থানীয় মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায়কেই সমানভাবে লক্ষ্যবস্তু করে আসছে।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছিল মূলত সীমিত পরিসরে এবং তা মূলত গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রযুক্তিগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এর আগে ২০২৫ সালের বড়দিনের ছুটির সময়েও নাইজেরিয়ার সোকোতো রাজ্যে আইএস ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ