Views Bangladesh Logo

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আরব দেশগুলো যুক্ত হতে যাচ্ছে, দাবি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আরবের মুসলিমপ্রধান দেশগুলো যুক্তরাষ্ট্রের অভিযানে সক্রিয়ভাবে যুক্ত হতে আগ্রহী বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, টানা চারদিন ধরে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান তেল আবিবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করছে বলে দাবি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ প্রথমে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যোগ দিতে অনিচ্ছুক ছিল। তবে ইরানের ধারাবাহিক হামলার মুখে পড়ে তারা এখন অবস্থান পরিবর্তন করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিতে চাপ দিচ্ছে।

ট্রাম্পের দাবি, তেহরানের হামলায় আরবের বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, আমরা অবাক হয়েছিলাম। তারা আক্রমণাত্মকভাবে লড়াই করছে। তাদের খুব কম হামলা করার কথা, কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

এদিকে ছয়টি আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানকে ‘বেপরোয়া ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলা হয়, এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং একাধিক দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে।

তবে কোন কোন দেশ যুদ্ধে সরাসরি যুক্ত হতে চাইছে—সে বিষয়ে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি ট্রাম্প।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানে হামলার পেছনে সৌদি আরবের ভূমিকা থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তেহরানে হামলার বিষয়ে ট্রাম্পকে চাপ দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ