Views Bangladesh Logo

ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরান বলল ‘মিথ্যা’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ‘প্রায় সব পয়েন্টে’ ঐকমত্য হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান সরাসরি এই দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ফ্লোরিডার পাম বিচে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘চুক্তি হতে হলে কোনো যুদ্ধ থাকা চলবে না এবং ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না। এই শর্তেই তারা রাজি হচ্ছে। এর বাইরে কোনো চুক্তি হবে না।’

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, আজ সোমবার রাত নাগাদ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতি ছিল। কেন্দ্রটি তৈরি করতে ইরানের ১০ বিলিয়ন ডলার খরচ হয়েছে। তারা চায়নি সেটি ধ্বংস হোক, তাই তাদের পক্ষ থেকে ফোন করে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প।

এর আগে গত শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে হুমকি দেন ট্রাম্প। তিনি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানান, অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হবে। আলটিমেটামের সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আগামী পাঁচদিনের জন্য সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, এই আলোচনায় তার উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত রয়েছেন। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ; যেমন ইসরায়েল ও সৌদি আরবের স্বার্থের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং আজকের মধ্যেই আবার টেলিফোনে বিস্তারিত আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন।

বক্তব্যের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে অস্পষ্ট মন্তব্য করে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একজন শীর্ষ পর্যায়ের ব্যক্তির সঙ্গে কথা হয়েছে; তবে কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে কথা হয়নি। আমরা জানিও না তিনি (সর্বোচ্চ নেতা) আদৌ বেঁচে আছেন কিনা।’

তবে ট্রাম্পের এই দাবির কয়েক ঘণ্টার মধ্যেই সরাসরি পাল্টা বিবৃতি দেয় ইরান। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।’

বিবৃতিতে আরও বলা হয়, ইরান তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়। এর ফলে ট্রাম্পের দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন জটিলতা।

এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ২৪তম দিনে ইরায়েলের বিভিন্ন স্থানে সাত দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলার সর্বশেষ দফায় ডিমোনা শহর লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে ইসরায়েল। তেল আবিবেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর দেশটির প্রতিরক্ষা বাহিনী উদ্ধারকর্মী পাঠিয়েছে। অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও। দেশটির বিমান বাহিনী রাতেই ইরানে ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করেছে আইডিএফ। এসব হামলার লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল ও বিভিন্ন সামরিক স্থাপনা।

চলমান এই যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ