Views Bangladesh Logo

খামেনির মৃত্যু উদ্‌যাপন ট্রাম্পের, হামলা অব্যাহত রাখার হুমকি

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। খবর রয়টার্সের।

ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে অভিযান পর্যবেক্ষণকালে শনিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে খামেনির মৃত্যুর কথা জানান।

এর আগে এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা রয়টার্সকে খামেনির মরদেহ উদ্ধারের তথ্য দেন। পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ট্রাম্প লিখেছেন, ‘এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং মহান আমেরিকানদের জন্যও ন্যায়বিচার এবং বিশ্বের বহু দেশের সেই সব মানুষের জন্য, যারা খামেনি ও তার রক্তপিপাসু সন্ত্রাসীদের হাতে নিহত বা পঙ্গু হয়েছেন।’

তিনি দাবি করেন, এই হামলার লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা এবং তাদের নৌবাহিনীকে সম্পূর্ণভাবে অচল করে দেওয়া। ওয়াশিংটন ও তেলআবিব আগেই সতর্ক করেছিল—ইরান যদি তার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়, তবে আবারও হামলা চালানো হবে।

শনিবার সকালে ট্রাম্প হুমকি করেছিলেন, ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযানে’ মার্কিন হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে প্রথম দফা হামলার প্রায় ১২ ঘণ্টা পর ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন হতাহতের কোনো খবর নেই এবং স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি সামান্য, যা সামরিক কার্যক্রমে প্রভাব ফেলেনি।

গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর ইরানের বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফা হামলা। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চললেও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি উভয় কারণেই এই হামলার অনুমোদন দিয়েছেন।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ করেন, ইরান পারমাণবিক কর্মসূচি ত্যাগে অনাগ্রহী ছিল এবং আলোচনা দীর্ঘায়িত করতে নানা কৌশল অবলম্বন করছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ