Views Bangladesh Logo

পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তার বিশেষ দূতদের পাকিস্তান সফর বাতিল করেছেন।

এই সফরের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে শান্তি আলোচনা করে যুদ্ধের অবসান ঘটানো।

ট্রাম্প বলেন, ‘কোনো অর্থহীন আলোচনায় বসে থাকার দরকার নেই। ’

তবে তিনি এটাও জানান যে যুদ্ধ তাৎক্ষণিকভাবে আবার শুরু হবে না। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, তেহরানের আলোচনার অবস্থানে সন্তুষ্ট না হওয়ায়, তিনি সফরটি বাতিল করেছেন।

তবে তার এই সিদ্ধান্তের মাত্র কয়েক মিনিটের মধ্যেই নতুন একটি প্রস্তাব আসে বলে তিনি জানান।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা আমাদের একটি কাগজ দিয়েছে, যা আরও ভালো হতে পারত। আর মজার বিষয় হলো, আমি সফর বাতিল করার মাত্র ১০ মিনিটের মধ্যেই আমরা একটি নতুন কাগজ (প্রস্তাব) পেয়েছি| যা অনেক ভালো। ’

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

হোয়াইট হাউস আগেই জানিয়েছিল যে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে যাচ্ছেন। যাতে একটি চুক্তির দিকে অগ্রসর হওয়া যায়।

কিন্তু ট্রাম্প পরে ফক্স নিউজকে জানান, তিনি সেই সফর বাতিল করেছেন।

ট্রাম্প তার দলকে বলেন, ‘আমাদের হাতে সব সক্ষমতা রয়েছে। তারা যে কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ’

কিন্তু ১৮ ঘণ্টার ফ্লাইটে গিয়ে বসে বসে অর্থহীন আলোচনা করার দরকার নেই বলে উল্লেখ করেন তিনি।

সফর বাতিল মানে পুনরায় সংঘাতে ফেরা কি না— এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, এর মানে তা নয়। আমরা এখনও এ বিষয়ে কিছু ভাবিনি। ’

এর কিছুক্ষণ আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনির (যিনি একজন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী), প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক শেষে ইসলামাবাদ সফর শেষ করেন।

ইরান জানিয়েছে, আরাঘচি মাস্কাটের উদ্দেশে রওনা হয়েছেন এবং ওমানে ˆবঠকের পর পাকিস্তানে ফিরে যাবেন।

এরপর তিনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনার জন্য রাশিয়া যাবেন।

আরাঘচি তার পাকিস্তান সফরকে ‘খুব ফলপ্রসূ’ বলে উল্লেখ করলেও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র কূটনীতিতে সত্যিই আন্তরিক কি না, তা এখনও দেখা বাকি। ’

শান্তি আলোচনার সম্ভাবনা আগেই অনিশ্চিত ছিল| ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা করবে না, এবং পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেন।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান শাহবাজ শরিফকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক পদক্ষেপে’ ইরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।

-হরমুজ প্রণালি সংকট আরও গভীর হলো-

যুদ্ধ বন্ধের চাপ বাড়লেও গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বলেছে, তারা এই অবরোধ প্রত্যাহারের কোনো পরিকল্পনা করছে না| তাদের দাবি, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘প্রতিরোধ কৌশল’।

যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরে অবরোধ আরোপ করেছে।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের ‘অবরোধ ও দস্যুতা’ চলতে থাকলে এর জবাব দেওয়া হবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কস্তা বলেছেন, হরমুজ প্রণালি ‘অবিলম্বে ও শর্তহীনভাবে’ খুলে দিতে হবে, কারণ এটি ˆবশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- লেবাননে ইসরাইলি হামলা-


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে লেবানন হামলার নির্দেশ দিয়েছেন। তার অভিযোগ হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দক্ষিণ লেবাননের অন্তত চারটি স্থানে ইসরাইল হামলা চালিয়েছে। এতে অন্তত ছয় জন নিহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা অস্ত্র বোঝাই একটি গাড়িতে থাকা তিন জন হিজবুল্লাহ সদস্য ও আরও কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

নেতানিয়াহু অভিযোগ করেছেন যে হিজবুল্লাহ শান্তি প্রক্রিয়া ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করছে।

লেবাননের সিডন শহরে ৭৪ বছর বয়সী বাসিন্দা আহমদ শুমার বলেন, তারা এখন বাড়ি ফিরছেন, তবে সেখানে শান্তি থাকবে কি না, তা অনিশ্চিত।

তিনি আরও বলেন, ‘আমরা এখন বাড়ি যাচ্ছি, কিন্তু জানি না সেখানে যুদ্ধ হবে নাকি শান্তি।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ