Views Bangladesh Logo

ইয়েমেনে বোমা হামলা বন্ধের ঘোষণা ট্রাম্পের

য়েমেনে বিমান থেকে বোমা হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, হুথিরা আমেরিকান জাহাজে আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেয়ায় তাদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনি এলাকাগুলোতে হামলা চালাবে না তার দেশও।

তবে, ট্রাম্প স্পষ্টভাবে বলেননি, হুথিরা ইসরায়েলে আক্রমণ বন্ধ করবে কি না।

অন্যদিকে এখনও আমেরিকার সাথে যুদ্ধবিরতি নিশ্চিত করে কোনো বিবৃতি দেয়নি হুথিরা।

মার্চের মাঝামাঝি থেকে রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথি বিদ্রোহীদের অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী।

ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে ইসরায়েলি ও মার্কিন জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। এর জবাবে এই ভারী বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। অব্যাহত রয়েছে ইসরায়েল-হুথি পাল্টাপাল্টি হামলাও।

মাত্র দুদিন আগে, ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। এর প্রতিক্রিয়ায় বুধবার (৭ মে) সানার প্রধান বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছে, তারা আর যুদ্ধ করতে চায় না। আমরা সেই প্রতিশ্রুতির সম্মানে বোমা হামলা বন্ধ করব। হুথিরা আত্মসমর্পণ করেছে’।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের প্রতিশ্রুতি মেনে নেব। হুথিরা বলেছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। তারা সমুদ্রে অনেক জাহাজ ধ্বংস করছে। সেই কারণেই আমরা তাদের উপর বোমাবর্ষণ করছিলাম। আমার মনে হয়, এটি ইতিবাচক অগ্রগতি। এখন থেকে, আমেরিকা হুথিদের উপর বিমান হামলা বন্ধ করবে’।

ওমান জানিয়েছে, আমেরিকা এবং হুথিদের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় সাহায্য করেছে তারা।

বিবৃতিতে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা সম্প্রতি ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় মার্কিন কর্মকর্তা এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। ফলস্বরূপ, উভয়পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এখন থেকে, কোনো পক্ষই অন্য পক্ষের ওপর হামলা করবে না। লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালীতে আমেরিকান জাহাজের ওপরও কোনো আক্রমণ করা হবে না। এটি নৌ-চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলকে সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবে’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ