কৃত্রিম বুদ্ধিমত্তা তদারকিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশ নিয়ে সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এ খাতের তদারকিতে নতুন ‘এআই ফোর্স’ বা বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৯ সেপ্টেম্বর) তিনি এ ঘোষণা দেন।
গত এক সপ্তাহে প্রযুক্তি খাতের একাধিক ব্যক্তি এআইয়ের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন এবং এর বিকাশ ও উন্নয়ন আরও ধীরগতিতে করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প এআই প্রযুক্তির আরও দ্রুত বিকাশ চান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি এআই ফোর্স গঠন করছি। প্রথম মেয়াদে যেমন স্পেস ফোর্স গঠন করেছিলাম, এটিও তেমন হবে। স্পেস ফোর্স ব্যাপক সফলতা পেয়েছে। এ উদ্দেশ্যে অদূর ভবিষ্যতে আমি এআই জার নিয়োগের ঘোষণা দেব। যাদের আইকিউ অনেক বেশি, শুধু তারাই আবেদন করবেন!’
তবে একই পোস্টে দ্রুত বিকাশমান এ প্রযুক্তি নিয়ে নিজের আগের অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। প্রযুক্তি খাতের কিছু বিশেষজ্ঞ এআই মানুষের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন। তবে ট্রাম্প এআই নিয়ে ছড়ানো আশঙ্কাকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন।
ট্রাম্প লিখেছেন, ‘বছরের পর বছর এ ধরনের অনেক গুজব ছড়ানো হয়েছে। এগুলো সবই উগ্র বামপন্থী ডেমোক্র্যাটদের তৈরি। এর উদ্দেশ্য আমাদের দেশকে ধ্বংস করা।’ এ বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে তিনি ২০১৬ সালের নির্বাচনে রুশ হস্তক্ষেপ, ইউক্রেন, বৈশ্বিক উষ্ণায়ন, তার বিরুদ্ধে দুটি অভিশংসনের চেষ্টা এবং নারীদের খেলাধুলায় পুরুষদের অংশগ্রহণের মতো বিভিন্ন বিষয় উল্লেখ করেন।
ট্রাম্প আরও লিখেছেন, এ ধরনের সর্বশেষ ‘ধাপ্পাবাজি’ হলো এআই প্রযুক্তি নিয়ে নানা আশঙ্কার কথা বলে সেটিকে ধ্বংস বা বিলুপ্ত করার চেষ্টা। তার প্রশাসন কোনোভাবেই এ শিল্পের বিকাশে বাধা দেবে না বা দমিয়ে রাখবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে প্রয়োজনে এআইয়ের অপব্যবহারকারীদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন কর্মকর্তারা বলছেন, এআইয়ের দ্রুত বিকাশে ট্রাম্পের জোর দেওয়ার অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের তুলনায় চীন যাতে এ প্রযুক্তিতে এগিয়ে যেতে না পারে।
তবে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে অনেক রিপাবলিকান নেতাও সতর্কতা প্রকাশ করেছেন। তারা এআই প্রযুক্তির বিকাশের গতি কমানোর আহ্বান জানিয়েছেন।
মতামত দিন