Views Bangladesh Logo

ইসরায়েল-লেবাননের যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন।

বৈঠক শেষে ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “কোনো গোলাগুলি নয়—শুধু যুদ্ধবিরতি। দেখা যাক পরিস্থিতি কোথায় যায়।”

পরে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে যাতে তারা হিজবুল্লা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে।

হিজবুল্লা, ১৯৮২ সালে প্রতিষ্ঠিত একটি শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে আসছে এবং ইরানের সমর্থনপুষ্ট বলে পরিচিত। যদিও তারা সরাসরি নির্বাচনে অংশ নেয় না, তবুও লেবাননের রাজনীতিতে তাদের প্রভাব উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পরপরই লেবাননে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। প্রায় ৪৫ দিন ধরে চলা এই অভিযানে প্রায় তিন হাজার মানুষ নিহত হন। এরপর গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।

সেই যুদ্ধবিরতির মেয়াদ ২৭ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আরও তিন সপ্তাহ বাড়ানো হলো।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হুকাবি এবং লেবাননের রাষ্ট্রদূত মাইকেল ইসা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ