লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, উভয় দেশ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’
তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।
ট্রাম্প বলেন, একটি স্থায়ী শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে দুই দেশের সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, এর আগে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে মোট নয়টি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন এবং এই উদ্যোগটি তার দশম সফল প্রচেষ্টা হবে বলে আশা করছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে