ইরানে হামলা স্থগিত, দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প
ইরানের ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার কঠোর হুমকির পর মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার মধ্যেই অবস্থান থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে তিনি ইরানের ওপর সম্ভাব্য হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইরানে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন। তিনি একে ‘দ্বিমুখী যুদ্ধবিরতি’ হিসেবে উল্লেখ করেন।
তবে এ সিদ্ধান্তের সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।
একই পোস্টে তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে ১০ দফার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের হাতে পৌঁছেছে। তার ভাষায়, আলোচনার জন্য এটি একটি ‘কার্যকর ভিত্তি’।
ট্রাম্পের দাবি, চুক্তির পথে বড় বাধাগুলোর বেশিরভাগই ইতোমধ্যে দূর হয়েছে। অতীতের বিরোধপূর্ণ অনেক বিষয়েই দুই দেশ প্রায় একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই দুই সপ্তাহের সময়সীমা চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে সহায়ক হবে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই অগ্রগতিকে তিনি স্বাগত জানান। একই সঙ্গে বিষয়টিতে মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদও জানান ট্রাম্প।
সূত্র: আল জাজিরা

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে