Views Bangladesh Logo

প্রায় ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় (অ্যাসাইলাম) আবেদনকারী প্রায় ২ লাখ বিদেশি নাগরিকের ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের নথি এবং দুই মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের বরাত দিয়ে এপি জানিয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে তা হবে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় ভিসা বাতিল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

পরিকল্পনার আওতায় রয়েছে ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাধারীরা, যারা যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, স্বল্পমেয়াদি ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা পরবর্তীতে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করছেন, তাদের চিহ্নিত করতে কাজ চলছে। এসব বিদেশির অভিবাসী ভিসা বাতিল করতে তারা মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা দপ্তরের (ডিএইচএস) সঙ্গে সমন্বয় করছেন।

তবে কর্মকর্তারা বলেছেন, ভিসা বাতিলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কার নয়। যাদের আশ্রয় আবেদন পর্যালোচনাধীন রয়েছে, তাদের ভিন্ন অভিবাসন শ্রেণিতে স্থানান্তর করা হবে। যার ফলে মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারী হিসেবে তারা যেসব সুবিধা পেয়েছিলেন, তা বাতিল হয়ে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পররাষ্ট্র দপ্তরের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডো পর্যটক বা ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের সমালোচনা করেন। তিনি এই ব্যবস্থাকে একটি "ফাঁকফোকর" আখ্যা দিয়ে বলেন, অভিবাসন আইন এড়িয়ে যেতে এটি ব্যবহার করা উচিত নয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা ক্রমাগত কঠোর করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর অংশ হিসেবে আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই, মোটা অঙ্কের জামানত বাধ্যতামূলক করা এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত ১৮ মাসে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে রয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো থেকে শুরু করে ধর্ষণ ও ডাকাতির মতো অপরাধে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত ব্যক্তিরা, পাশাপাশি যুক্তরাষ্ট্রের নীতির—বিশেষত মধ্যপ্রাচ্য সংক্রান্ত নীতির—প্রকাশ্য সমালোচনাকারীরাও।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ