রয়টার্সের প্রতিবেদন
বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক বসানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শিল্প খাতে অভ্যন্তরীণ চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তোলার অভিযোগে পরিচালিত তদন্তের পর এ পদক্ষেপ নেওয়া হতে পারে। নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির খরচ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) তদন্তের ফল প্রকাশ করে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করতে পারে। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিকেল অথবা বুধবারের মধ্যে তদন্তের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এ তদন্ত পরিচালনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কয়েকটি দেশ নিজেদের বাজারের চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য উৎপাদন করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ বেড়ে যাচ্ছে এবং মার্কিন উৎপাদনকারীরা প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তদন্তের আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ ও কম্বোডিয়া। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নকেও তদন্তের আওতায় রাখা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্কের হার এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক নির্ধারণ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা রায়ান মাজেরাসের ধারণা, সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন শিল্প খাতের ওপর ভিত্তি করে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুপারিশ আসতে পারে। অবশ্য তুলনামূলক কম হারে শুল্ক আরোপ করে পরবর্তী সময়ে উৎপাদন সক্ষমতা কমানোর অগ্রগতির ভিত্তিতে তা বাড়ানোর সুযোগও রয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্তগুলোও নতুন শুল্ক নির্ধারণে বিবেচনায় নেওয়া হতে পারে। এসব চুক্তি অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে শুল্কের সর্বোচ্চ সীমা ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার ক্ষেত্রে ১৯ শতাংশ নির্ধারিত রয়েছে।
চীনের পণ্যের ক্ষেত্রেও সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের সীমা বজায় রাখার কথা রয়েছে। তবে আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া ওয়াশিংটন ও বেইজিংয়ের বাণিজ্যিক সমঝোতা নবায়ন করা হলেই এ সুবিধা বহাল থাকবে। সমঝোতার মেয়াদ শেষ হলে চীনা পণ্যে শুল্ক আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
এদিকে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও অসন্তোষ তৈরি হয়েছে। আমদানি পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রভাব ভোগ্যপণ্যের দামের ওপর পড়েছে। রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ উত্তরদাতা শুল্ক প্রত্যাহারের উদ্যোগকে সমর্থন করেছেন।
এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কয়েকটি শুল্ক বাতিল করেন। নতুন তদন্তের মাধ্যমে সেই বাতিল হওয়া শুল্কের একটি অংশের বিকল্প ব্যবস্থা তৈরি করতে চাইছে প্রশাসন। এর পাশাপাশি দ্বিতীয় মেয়াদে আগে থেকে কার্যকর থাকা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
আইনজীবী প্রতিষ্ঠান কিং অ্যান্ড স্প্যালডিংয়ের অংশীদার ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের সাবেক কর্মকর্তা রায়ান মাজেরাসের মতে, নতুন শুল্কের পাশাপাশি জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি বন্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে আগে থেকে আরোপ করা ১০ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও বহাল থাকতে পারে।
অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে চীনকে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের অভিযোগ, দেশটি ইস্পাত, অ্যালুমিনিয়াম, বৈদ্যুতিক গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ও সৌরবিদ্যুৎ সরঞ্জামসহ বিভিন্ন পণ্য চাহিদার তুলনায় বেশি উৎপাদন করে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করছে। এতে বিশ্ববাজারে পণ্যের দাম ও প্রতিযোগিতার ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিংয়ের দাবি, আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানের পেছনে রয়েছে উৎপাদন দক্ষতা ও বাণিজ্যিক সক্ষমতা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে চীনা বিনিয়োগের বিষয়টিও মার্কিন তদন্তে গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ায় কারখানা স্থাপন করে চীনা প্রতিষ্ঠানগুলো মার্কিন বাজারের জন্য পণ্য তৈরি করছে। এর মাধ্যমে চীনা পণ্যের ওপর আরোপিত আগের শুল্ক এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে বলে মনে করছে ওয়াশিংটন।
গত মার্চে ইউএসটিআর অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে ১৬টি বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে তদন্ত শুরু করে। একই সময়ে ৬০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করার আইন যথাযথভাবে কার্যকর করা হচ্ছে কি না, তা নিয়েও পৃথক তদন্ত শুরু হয়।
জুলাইয়ে দ্বিতীয় তদন্তের পর বাংলাদেশসহ কয়েকটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। ফলে নতুন তদন্তের সুপারিশ অনুযায়ী অতিরিক্ত শুল্ক কার্যকর হলে বাংলাদেশি রপ্তানিকারকদের ওপর বাড়তি ব্যয়ের চাপ তৈরি হতে পারে।
মতামত দিন