Views Bangladesh Logo

ইরান যুদ্ধ বন্ধে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প প্রশাসনের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নেওয়া মধ্যস্থতার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত থামানোর কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন এবং তেহরান—উভয় পক্ষই বর্তমানে যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তারা এই মুহূর্তে কূটনৈতিক আলোচনায় আগ্রহী নয়। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরানের সামরিক সক্ষমতা আরও কমিয়ে দেওয়াই এখন ট্রাম্পের মূল লক্ষ্য। অন্যদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের যুদ্ধবিরতি বা আলোচনা সম্ভব নয়।

গত শুক্রবার রাতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারিগ দ্বীপে মার্কিন হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর জবাবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।

গত দুই সপ্তাহের লড়াইয়ে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইরানি নাগরিক। যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কথা মাথায় রেখে প্রশাসনের কেউ কেউ দ্রুত যুদ্ধ শেষ করার পরামর্শ দিলেও বড় একটি অংশ ইরানের পারমাণবিক ও মিসাইল কর্মসূচি পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার পক্ষে চাপ দিচ্ছে।

ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশ যুদ্ধবিরতির জন্য আলোচনার পথ তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিঞ্জি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের মাধ্যমে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। তবে ওয়াশিংটন সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় বর্তমানে সব ধরনের কূটনৈতিক মাধ্যম স্থবির হয়ে পড়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ