ফেডারেল সরকারের মালিকানাধীন জমি বিক্রি করতে চায় ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের সরকারি জমি অঙ্গরাজ্য, আদিবাসী (ট্রাইবাল) ও স্থানীয় সরকারের কাছে বিক্রির পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফেডারেল সরকারের মালিকানাধীন জমির পরিমাণ কমানোই এর উদ্দেশ্য। দেশটির অভ্যন্তরীণ দপ্তর (ইন্টেরিয়র ডিপার্টমেন্ট) সম্প্রতি এক নতুন কৌশলপত্র প্রকাশ করেছে। তাতেই এ পরিকল্পনার কথা বলা হয়েছে।
দপ্তরের ভাষ্য, ফেডারেল সম্পত্তি বিক্রি করা গেলে সরকার তার সম্পদ ‘জাতীয় গুরুত্বের’ জমিতে মনোযোগ দিতে পারবে। তবে কোন জমি জাতীয় গুরুত্বপূর্ণ, তার সংজ্ঞা দেওয়া হয়নি। কোন কোন সম্পত্তি বিক্রি হতে পারে, কী পরিমাণ জমি বিক্রি হবে বা কোথায়, সে বিষয়েও কর্মকর্তারা কোনো তথ্য দেননি।
প্রস্তাবটি প্রকাশ্যে আসতেই কয়েকজন আইনপ্রণেতা এর বিরোধিতা করেছেন। তাঁদের একজন রিপাবলিকান প্রতিনিধি রায়ান জিংকি, যিনি ট্রাম্পের সাবেক অভ্যন্তরীণ মন্ত্রী। জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই কংগ্রেসে এই উদ্যোগ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ইঙ্গিত মিলছে।
জিংকির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ‘সরকারি জমি বিক্রি বা হস্তান্তরের ঘোর বিরোধী’ অবস্থানেই আছেন। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান মেয়াদ শেষে কংগ্রেস ছাড়ার আগে এ-সংক্রান্ত যেকোনো আইনের বিপক্ষে তিনি ভোট দেবেন।
অভ্যন্তরীণ দপ্তরের পাঁচ বছরের এই কৌশলপত্রে জ্বালানি উৎপাদন বাড়াতে জমি হস্তান্তর ও বিনিময়ের প্রস্তাবও আছে। এটি প্রশাসনের জীবাশ্ম জ্বালানিঘেঁষা নীতির একটি মূল অংশ। কৌশলপত্রে প্রশাসনের সেই দৃষ্টিভঙ্গিও ফুটে উঠেছে, যেখানে বেশির ভাগ সরকারি জমিকে সংরক্ষণের বদলে অর্থনৈতিক ব্যবহারের সম্পদ হিসেবে দেখা হয়।
দপ্তরটি ৭ লাখ ৫০ হাজার বর্গমাইলেরও বেশি (প্রায় ১৯ লাখ বর্গকিলোমিটার) জমি দেখভাল করে। আয়তনে তা টেক্সাস ও ক্যালিফোর্নিয়া মিলিয়েও বড়। এর সঙ্গে আছে ভূগর্ভস্থ বিশাল খনিজ ভান্ডার। ফেডারেল সরকারের হাতে কতটা জমি থাকা উচিত, তা নিয়ে কয়েক দশক ধরেই দেশটিতে বিতর্ক চলছে। এই পরিকল্পনা সেই বিতর্কের কেন্দ্রে।
মঙ্গলবার প্রকাশিত কৌশলপত্র নিয়ে মন্তব্য ও বিস্তারিত তথ্য চেয়ে বুধবার অভ্যন্তরীণ দপ্তরের কর্মকর্তাদের ইমেইল করেছে এপি।
সরকারি জমির বেশির ভাগই যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে। সেখানে ভূখণ্ডের বড় অংশ ফেডারেল সরকারের মালিকানায়। যেমন নেভাদার প্রায় ৮০ শতাংশ জমি ফেডারেল নিয়ন্ত্রণে। এই নিয়ন্ত্রণ একদিকে জমিকে সম্ভাব্য শোষণ থেকে রক্ষা করে, অন্যদিকে উন্নয়নের পথে সীমাবদ্ধতাও তৈরি করে।
অভ্যন্তরীণ দপ্তরের কর্মকর্তারা জানান, জমি বিক্রি থেকে পাওয়া অর্থের একাংশ ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হবে, যাতে তাঁরা অন্য কোথাও সংরক্ষণ কার্যক্রমে সহায়তা করতে পারেন।
অভ্যন্তরীণ মন্ত্রী ডগ বার্গাম কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রশাসনের লক্ষ্য পূরণ করতে পারবেন কি না, তা অনিশ্চিত। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের প্রাকৃতিক সম্পদ আইনের অধ্যাপক মার্ক স্কুইলেস বলেন, সরকারি জমি বিক্রির ক্ষেত্রে ফেডারেল আইনে উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আছে।
তাঁর ব্যাখ্যায়, সংরক্ষিত মর্যাদার জমি বিক্রি করা যায় না। অন্য সম্পত্তি বিক্রির বিবেচনায় আসতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। যেমন জমিটি পরিচালনা করা অলাভজনক হতে হবে, অথবা বিক্রি গুরুত্বপূর্ণ জনউদ্দেশ্য পূরণ করবে—এর মধ্যে আছে জনপদের সম্প্রসারণ ও অর্থনৈতিক উন্নয়ন।
গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে দলীয় সাফল্যে উজ্জীবিত হয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রাকৃতিক সম্পদ কমিটির নেতৃত্বে থাকা ডেমোক্র্যাট সদস্যরাও প্রস্তাবিত জমি বিক্রির বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেইনরিখ বলেন, ফেডারেল জমি আমেরিকার জনগণের, এ থেকে মুনাফা করতে চাওয়া ব্যক্তিগত স্বার্থের নয়।
ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি জ্যারেড হাফম্যানও এই উদ্যোগ ঠেকানোর অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘আমেরিকানরা তাদের সরকারি জমিকে ভালোবাসে এবং গত সপ্তাহে স্পষ্ট বার্তা দিয়েছে। আমাদের মূল্যবান সম্পদ নিলামে তোলা এবং বিরোধিতার কণ্ঠ রোধ করার ট্রাম্প প্রশাসনের ছক এখনই বন্ধ করতে হবে। কংগ্রেসে ডেমোক্র্যাটরা সেটাই করে দেখাবে।’
গত বছর পশ্চিমাঞ্চলের কয়েকজন আইনপ্রণেতা ইউটাহ ও নেভাদায় ফেডারেল সরকারের বিশাল জমি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। তাঁদের যুক্তি ছিল, এতে রাজস্ব আসবে এবং দ্রুত বেড়ে ওঠা শহরগুলোর উন্নয়নচাপ কমবে। ইউটাহর রিপাবলিকান সিনেটর মাইক লি ২০ লাখ একরের বেশি (প্রায় ৮ হাজার বর্গকিলোমিটার) জমি অঙ্গরাজ্য বা অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রির কথা বলেছিলেন। দুই দলের বিরোধিতায় সেসব উদ্যোগ সফল হয়নি।
২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত অভ্যন্তরীণ দপ্তরের অগ্রাধিকার ও কার্যক্রম এই কৌশলপত্রে তুলে ধরা হয়েছে। তবে ভবিষ্যৎ প্রশাসনগুলো এর দ্বারা বাধ্য থাকবে না। দপ্তরটি সর্বশেষ চার বছর আগে, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে, তাদের কৌশলপত্র হালনাগাদ করেছিল।
দপ্তরটি খনিজ উত্তোলন, তেল-গ্যাস খনন, পশুচারণ, বিনোদনসহ নানা কর্মকাণ্ড তদারক করে। এসব বিষয়ে অনেক অঙ্গরাজ্য ও স্থানীয় কর্মকর্তা আরও বেশি কর্তৃত্ব চান। এর অধীনে আছে ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট, ন্যাশনাল পার্ক সার্ভিস, ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস ও ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্স।
গত বছর বার্গাম ও গৃহায়ণ ও নগর উন্নয়নমন্ত্রী স্কট টার্নার ‘অব্যবহৃত’ ফেডারেল জমি সাশ্রয়ী আবাসনের জন্য উন্মুক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। টার্নার বলেছিলেন, দেশে প্রায় ৭০ লাখ বাড়ির প্রয়োজন। বাইডেন প্রশাসনও সাশ্রয়ী আবাসনের জন্য সরকারি জমি ব্যবহারের উদ্যোগ নিয়েছিল, তবে তা ছিল ছোট পরিসরে।
মতামত দিন