আজ ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) পরিদর্শনে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, বিচারক ও প্রসিকিউশন টিমের সদস্যরা সেখানে যাবেন।
পরিদর্শন দলে থাকবেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। তাদের সঙ্গে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ প্রসিকিউশন দলের সদস্যরা থাকবেন। আসামিপক্ষের আইনজীবীরাও পরিদর্শনে অংশ নেওয়ার অনুমতি পেয়েছেন।
প্রসিকিউশন জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারিক প্রয়োজনেই জেআইসি পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট স্থানগুলো সরেজমিনে দেখার মাধ্যমে অভিযোগে উল্লিখিত বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পাবেন ট্রাইব্যুনালের বিচারকরা।
এর আগে গত ১ আগস্ট রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরে থাকা টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানসহ বিচারক ও প্রসিকিউশন দলের সদস্যরা।
সেদিন র্যাবের ওই স্থাপনার ছোট-বড় ২৯টি কক্ষ ঘুরে দেখেন তারা। পাশাপাশি সেখানে থাকা সাতটি ডেথ সেলও পরিদর্শন করেন। এসব কক্ষে বন্দিদের আটকে রাখা ও নির্যাতনের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ সম্পর্কে সরেজমিনে ধারণা নেন ট্রাইব্যুনালের সদস্যরা।
জেআইসি পরিদর্শনের মাধ্যমে গুম ও নির্যাতনের অভিযোগসংক্রান্ত মামলার বিচারপ্রক্রিয়ায় আরও তথ্য ও প্রাসঙ্গিক প্রমাণ যাচাইয়ের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
মতামত দিন