সাক্ষীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ট্রাইব্যুনালের
জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে হুমকি দেওয়ার ঘটনায় প্রশাসনকে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ওই ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
চানখাঁরপুল মামলায় একজন সাক্ষী জবানবন্দী দেওয়ার পর তাকে হুমকি দেওয়ার ঘটনায় দায়ের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী।
জানা গেছে, শেখ বোরহান উদ্দিন পোষ্ট গ্র্যাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন সাক্ষ্য দেন। সাক্ষ্য দেওয়ার পর থেকে তাকে কিছু ব্যক্তি তার প্রতি অসম্মানজনক এবং নিরাপত্তার হুমকি দিয়ে আসছেন। এছাড়াও তার ছবি বিাভন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যে বলেছেন আদালত।
এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতের বরাত দিয়ে সাংবাদিকদের জানান একজন সাক্ষীর নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। তার পরও ওই সাক্ষী যে প্রতিষ্ঠানে কর্মরত তার প্রধান প্রিন্সিপাল, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন তার নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাক্ষীর সাথে কি কি ধরণের ঘটনা ঘটছে, ৩ সদস্যের তদন্ত কমিটি করে তার তদন্ত করে তার রিপোর্ট আদালতে দাখিল করতে ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে