শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ১৮ ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন– বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মো. মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল প্রসিকিউশনকে আগামী ১৮ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলো মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত দুই মাস সময় দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকে। আমরা চেষ্টা করব, এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত দল দিতে পারে, তারজন্য আমরা দিনরাত কাজ করব। আমরা সচেষ্ট আছি। গুম কমিশনের তদন্ত প্রতিবেদন ধরে সব অপরাধের যে তথ্য-উপাত্ত পেয়েছি, সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল অপরাধ তদন্তের জন্য আমলে নিয়েছে। এ ব্যাপারেও আমরা রিপোর্ট দেব।'

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে