Views Bangladesh Logo

ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শন করলেন ট্রাইব্যুনালের তিন বিচারপতি

ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) কথিত ‘গোপন বন্দিশালা’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারপতি। বিচারাধীন মামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থানটির বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনার অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) এ পরিদর্শন করা হয়।

শনিবার (৮ আগিস্ট) সকাল সোয়া ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারপতিরা জেআইসিতে পৌঁছান। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজার নেতৃত্বে গঠিত পরিদর্শন দলে চিফ প্রসিকিউটর এবং আসামিপক্ষের আইনজীবীরাও ছিলেন। সংশ্লিষ্ট মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমে স্থানটির ভূমিকা যাচাই করতেই এই পরিদর্শন করা হচ্ছে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত শনিবার রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচালিত কথিত ‘বন্দিশালা’ বা ‘গুমঘর’ পরিদর্শন করেছিলেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, র‍্যাব ও ডিজিএফআই পরিচালিত কথিত বন্দিশালায় বিভিন্ন ব্যক্তিকে গুম করে আটকে রাখার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা বিচারাধীন রয়েছে।

জেআইসিতে ২৬ জনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারেক সিদ্দিকীসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালকসহ বর্তমান ও সাবেক ১০ জন সেনা কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে একজন মেজর জেনারেল ও দুই ব্রিগেডিয়ার জেনারেল বর্তমানে গ্রেপ্তার রয়েছেন বলে প্রসিকিউশন সূত্র জানিয়েছে।

এ মামলায় কথিত গুমের শিকার সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আল আযমী, হাসিনুর রহমান ও মারুফ জামানসহ কয়েকজন ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সাক্ষ্য ও মামলার অন্যান্য অভিযোগের সঙ্গে জেআইসির কথিত বন্দিশালার সম্পর্ক রয়েছে বলে প্রসিকিউশনের দাবি।

প্রসিকিউশন জানিয়েছে, বিচারাধীন মামলায় উত্থাপিত অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থানগুলোর প্রকৃত অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই ট্রাইব্যুনালের বিচারপতিদের এ পরিদর্শন। এ ধরনের পরিদর্শনের মাধ্যমে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট স্থান ও পরিস্থিতি সম্পর্কে বিচারকদের প্রত্যক্ষ ধারণা পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ