Views Bangladesh Logo

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ড: প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, জামিন পাইয়ে দিতে সাইমুমের কথোপকথনের অডিওটি আসল বলে নিশ্চিত হওয়া গেছে এবং সাইমুম নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘুষ লেনদেনের সত্যতা এখনো পাওয়া যায়নি। কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কলেজছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে তার পরিবারের কাছে কোটি টাকা দাবি করেন সাইমুম। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

গত ১০ মার্চ প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেন সাইমুম। পদত্যাগের কয়েক ঘণ্টা পরই ফাঁস হয় দুটি অডিও রেকর্ড, যেখানে সাইমুমের সঙ্গে ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফের কথোপকথন শোনা যায়। এতে এক কোটি টাকার বিনিময়ে আসামির নাম বাদ দেওয়ার সম্ভাব্য চুক্তির ইঙ্গিত পাওয়া যায়। এরপরই চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৭ অক্টোবর সাইমুম রেজাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ