Views Bangladesh Logo

গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যু

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু

গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তাঁর স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৪ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠন শুনানির সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। অব্যাহতি চেয়ে তাঁদের পক্ষে শুনানি করেন আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ। রাষ্ট্রপক্ষে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন।

মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার আগে প্রায় দুই বছর ধরে প্রীতি উরাং ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টম তলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে ওই বাসার ড্রইং স্পেসের একটি জানালা দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন প্রীতি। জানালাটিতে নিরাপত্তাবেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে তিনি নিচে পড়ে যান বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় বাদী হয়ে মামলা করেন প্রীতির বাবা লোকেশ উরাং।

মামলাটি তদন্ত শেষে গত ৩১ মার্চ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা।

মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে তা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

মামলার দুই আসামি প্রায় চার মাস কারাগারে ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুনে তারা কারামুক্ত হন।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ