Views Bangladesh Logo

বুড়িগঙ্গায় ট্রলারডুবি, নিখোঁজ দুজন সাঁতরে উঠেছেন অন্য পাড়ে

ঢাকার সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ দুজনের সন্ধান মিলেছে। তারা নদীর অন্য পাড়ে সাঁতরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, ওই দুজনের কাছে মোবাইল ফোন ছিল না। তিনি বলেন, পরবর্তীতে তারা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে জানালে, ট্রলারের মালিক তাদের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেন।

অন্য কোনো নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস স্টেশনে ফিরে গেছে বলেও জানিয়েছেন আনোয়ারুল ইসলাম।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজার এলাকায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। আনোয়ারুল ইসলাম বলেছিলেন, বরিশাল থেকে ছেড়ে ঢাকায় আসা এমভি সুন্দরবন-১২ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়। নতুন ট্রলারটি ঢাকায় বানিয়ে কুমিল্লা নেওয়া হচ্ছিল বলে জানিয়েছিলেন তিনি।

আনোয়ারুল জানান, ট্রলারটিতে মোট ১০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আটজন উদ্ধার হলেও দুজন নিখোঁজ হন। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করে নিখোঁজ দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট কাজ করছিল বলেও জানিয়েছিলেন তিনি।

উদ্ধারকাজের মধ্যেই ওই দুজনের সন্ধান পাওয়ার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ