সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান মো. নুরুল হুদা, রাজউকের সদস্য আ ই ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভুঁইয়া, যুগ্ম সচিব এম মাহবুবুল আলম এবং সদস্য নাজমুল হাই।
দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থার সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। আবেদনে বলা হয়, প্লট বরাদ্দে দুর্নীতির মামলার এসব আসামি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন—এমন তথ্য দুদক পেয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এর আগে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত বছরের আগস্টে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে খায়রুল হক কারাগারে রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে