ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত অন্তত ৯০
ইংল্যান্ডের বেডফোর্ড এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ৯০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় দুইটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। দেশটির রেল, সামুদ্রিক ও পরিবহন শ্রমিকদের জাতীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি দুর্ঘটনায় জড়িত একটি ট্রেনের চালক ছিলেন।
ইস্ট অব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা সংকটাপন্ন এবং আরও ২২ জন গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিতে ঘটনাস্থলে ২০টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের ডেপুটি চিফ কনস্টেবল স্টুয়ার্ট কান্ডি দুর্ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
যুক্তরাজ্যের পরিবহন সচিব হেইডি আলেকজান্ডার জানান, সংঘর্ষে জড়িত ট্রেন দুটি ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের যাত্রীবাহী ট্রেন। রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, করবি থেকে লন্ডনগামী একটি ট্রেনের সঙ্গে নটিংহাম থেকে লন্ডনগামী আরেকটি ট্রেনের সংঘর্ষ হয়।
কী কারণে দুটি ট্রেন একই লাইনে চলে এসেছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথ তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার প্রভাবে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দিনের বাকি সময়ের জন্য নির্ধারিত সব ট্রেন বাতিল করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প যাতায়াত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: এবিসি নিউজ
মতামত দিন