ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা, ডাম্পিংয়ে ৫৩৪ যানবাহন
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮০টি মামলা দায়ের এবং ৫৩৪টি যানবাহন ডাম্পিং করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
দায়ের করা মামলার মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, লালবাগে ২২০টি, মতিঝিলে ৩১৩টি, ওয়ারীতে ২৯৪টি, তেজগাঁওয়ে ২৮৭টি, মিরপুরে ৩৫১টি, উত্তরায় ২৭৪টি এবং গুলশান বিভাগে ১৮৭টি মামলা করা হয়েছে।
বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫১টি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে।
ডিএমপি জানায়, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন মেনে চলা নিশ্চিত করতে তাদের ট্রাফিক বিভাগ এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
মতামত দিন