Views Bangladesh Logo

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন তৌফিক ইমরোজ খালিদী

বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের বিকাশে অগ্রণী ভূমিকা রাখা সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদককে সেখানে দাফন করা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় দেশের সংবাদজগতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই সাংবাদিকের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন সাংবাদিক, সহকর্মী, বন্ধু, স্বজন, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দুপুর আড়াইটার দিকে সেখানে তাঁর মরদেহ নেওয়া হলে তাঁকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অনেকে।

শনিবার সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দর থেকে তাঁর কফিন নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত সেখানে মরদেহ রাখা হয়। পরে তাঁকে বাসায় নেওয়া হলে পরিবারের সদস্য ও স্বজনেরা শেষবারের মতো শ্রদ্ধা জানান।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। তাঁকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়। পরে ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে জোহরের নামাজের পর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তাঁকে শেষ বিদায় জানান।

সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনায় প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে তৌফিক ইমরোজ খালিদীর অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর নেতৃত্বেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের প্রথম সারির ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে যাত্রা শুরু করে।

২০০৫ সালের প্রথমার্ধে ইন্টারনেটের মাধ্যমে সংবাদ সরবরাহের উদ্যোগ নেয় বিডিনিউজ। পরের বছর মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর খালিদীর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন রূপ পায়। ২০০৬ সালের ২৩ অক্টোবর ২৪ ঘণ্টার অনলাইন সংবাদমাধ্যম হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু হয়, যা বাংলাদেশের সংবাদ পরিবেশনায় নতুন অধ্যায়ের সূচনা করে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি সানডে এক্সপ্রেস পত্রিকায় যোগ দেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদজগতেও কাজ করেছেন। ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটল।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ