Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। রোববার রাজধানীর পল্টন থেকে শুরু হওয়া মিছিলটি জাতীয় প্রেসক্লাবের দিকে যায়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী এ মিছিলের আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা ‘আমার মাটি, আমার মা, পাকিস্তান হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন মানিক পশারী। তাঁর মরদেহ দাফন নিয়ে পিরোজপুরে সৃষ্ট পরিস্থিতির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮৭ বছর বয়সী মানিক পশারীর মৃত্যু হয় শনিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। পরে তাঁর মরদেহ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাড়িতে নেওয়ার উদ্যোগ নেন স্বজনেরা। দুপুরে মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হলে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরোধিতার মুখে পড়েন তাঁরা। পরিস্থিতি বিবেচনায় পুলিশ মরদেহটি পুলিশ লাইনসে নিয়ে যায়।

সেখানে বিকেল ৫টার দিকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে নিরাপত্তার কারণে মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়। রাত ১টার দিকে সদর থানা পুলিশের সহযোগিতায় মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এরপর পরিবারের নারী সদস্যরা নিজেরাই কবর খুঁড়ে রাত ২টার দিকে দাফন সম্পন্ন করেন।

মানিক পশারীর বোন জানান, মরদেহ পিরোজপুরে আনার পর প্রথমবার কবর খোঁড়া হলেও স্থানীয় কয়েকজন সেটি মাটি দিয়ে ভরাট করে দেন। পরে পরিবারের সদস্যরা আবার কবর খোঁড়েন। পুলিশের সহায়তায় মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁরাই দাফন সম্পন্ন করেন। এ সময় পরিবারের কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

তবে দাফনে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক। তাঁর দাবি, জেলা জামায়াত বা সংগঠনটির অঙ্গসংগঠনের কোনো নেতা মানিক পশারীর দাফনে বাধা দেননি। বরং পুলিশকে সহযোগিতা করে দাফন সম্পন্ন করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি প্রথমে যশোর এবং পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের জামাতার বাড়িতে আশ্রয় নেন। দুই মাস ধরে অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ