Views Bangladesh Logo

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব জব্দ

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক হিসাবের ডেবিট কার্যক্রম স্থগিত করা হয়েছে। দলটির বিদ্রোহী কয়েকজন বিধায়কের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, একটি বেসরকারি ব্যাংকে থাকা তিনটি হিসাবের ওপর ‘ডেবিট ফ্রিজ’ আরোপ করা হয়েছে। ফলে এসব হিসাব থেকে অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা যাবে না। তবে নতুন অর্থ জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় দায়ের করা অভিযোগে দলটির কয়েকজন বিধায়ক হিসাবগুলোতে থাকা বিপুল অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, এসব অর্থ কীভাবে জমা হয়েছে এবং লেনদেনগুলো বৈধ উৎস থেকে এসেছে কিনা তা তদন্ত করা প্রয়োজন।

অভিযোগে আরও বলা হয়, কথিত ‘কাট মানি’ আদায়, সরকারি অর্থের অপব্যবহার কিংবা বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ এসব হিসাবে জমা হয়ে থাকতে পারে। এ কারণে হিসাবগুলোর পূর্ণাঙ্গ তদন্ত এবং লেনদেনের তথ্য খতিয়ে দেখার দাবি জানান অভিযোগকারীরা।

এ ঘটনায় দলটির অভ্যন্তরীণ বিরোধও নতুন মাত্রা পেয়েছে। দলীয় নেতৃত্ব ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই তৃণমূলের জ্যেষ্ঠ নেতা অরূপ বিশ্বাস কয়েকদিন আগে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে হিসাবগুলোর লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানান। তার মতে, নেতৃত্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলীয় তহবিল পরিচালনা করা সমীচীন হবে না।

অন্যদিকে কুনাল ঘোষ দাবি করেছেন, অরূপ বিশ্বাস বর্তমানে দলের কোষাধ্যক্ষ নন এবং আর্থিক বিষয়ে বক্তব্য দেওয়ার কোনো আনুষ্ঠানিক এখতিয়ারও তার নেই। তিনি জানান, গত ৫ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভাশিস চক্রবর্তীকে দলের নতুন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত হওয়ার ঘটনায় তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট আরও গভীর হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বর্তমানে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ