Views Bangladesh Logo

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৫০০ টাকা নির্ধারণ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ মজুরি ঘোষণা করেন । আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল আট হাজার টাকা। সেই হিসেবে আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে চার হাজার ৫০০ টাকা। এ হিসাবে ন্যূনতম মজুরি আগের তুলনায় ৫৬ দশমিক ২৫ শতাংশ বেড়েছে।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করতে গত এপ্রিলে নিম্নতম মজুর বোর্ড গঠন করে সরকার। গত ২২ অক্টোবর এই বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরি প্রস্তাব করেন। আর মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকা মজুরির প্রস্তাব দেয়।

মালিকপক্ষের প্রস্তাবনা অনুযায়ী ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে– এমন খবর ছড়িয়ে পড়লে ২৩ অক্টোবর থেকে গাজীপুরে আন্দোলন শুরু করেন পোশাক শ্রমিকরা। পরে তা আশুলিয়া, সাভার ও ঢাকার মিরপুরে ছড়িয়ে পড়ে। অনেক জায়গায় শ্রমিকরা ভাঙচুর শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আন্দোলনরত পোশাক শ্রমিকরা মঙ্গলবারও গাজীপুরে দুই বাসে আগুন দেন, কয়েকটি গাড়িও ভাঙচুর করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ