Views Bangladesh Logo

সংসদ ভাঙচুর, লুটপাটে ৯০ লাখ টাকার ক্ষতি

ত ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারি ও ব্যক্তিগত তহবিলসহ প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংসদ ভবনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে এ তথ্য দেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন সরকারের ভারপ্রাপ্ত সচিব জেবুন্নেসা করিমের (অতিরিক্ত সচিব, কমিটি সাপোর্ট উইং)। আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ ভবনের বিভাগীয় প্রধানরা। তারা ভাঙচুর ও লুটপাটের ঘটনার পরের পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপের রূপরেখা তুলে ধরেন।

বৈঠকে লোকসানের পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া নগদ অর্থ উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সংসদ ভবনের ভিতরে বিভিন্ন অফিস, উপধারা ও বিভাগ থেকে হারিয়ে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত মালামালের বিস্তারিত তালিকা তৈরি করার সিদ্ধান্তও নিয়েছে কর্তৃপক্ষ। এই তালিকা পরবর্তী পদক্ষেপের জন্য প্রতিটি বিভাগের সংশ্লিষ্ট প্রধানদের কাছে জমা দিতে হবে।

সভায় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখাল পাড়া), পুরাতন এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল ও সংসদ ভবন আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারকরণ এবং উপরোক্ত এলাকার ভাঙা, হারানো ও ক্ষতিগ্রস্ত মালামাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ৩টি কমিটি গঠিত হয়।

এসব কমিটিসমূহকে ক্ষতিগ্রস্ত ও স্তূপীকৃত মালামাল সরেজমিন পরিদর্শন করে শপথকক্ষে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জাতীয় সংসদ ভবনে ক্ষতিগ্রস্ত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট সংযোগ, টেলিফোন এক্সচেঞ্জ, লাইন ও সেটসমূহ জরুরি ভিত্তিতে মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই লাখ লাখ বিক্ষোভকারী জাতীয় সংসদের দিকে ছুটে যায়। সংসদ ভবনের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে স্থাপন করা ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে মিছিল করে।

কয়েক মিনিটের মধ্যেই সংসদ ভবনের সামনের সিঁড়িতে হাজার হাজার বিক্ষোভকারীতে ভরে যায়। এ সময় তাদের ভাঙচুর ও লুটপাট করতে দেখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ