মহাখালী-গুলশান সড়ক অবরোধ তিতুমীর কলেজের শিক্ষার্থীদের
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবিতে রাস্তায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনের মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় বাঁশ ফেলে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
তিতুমীর কলেজের আন্দোলনকারী এক শিক্ষার্থী জানান, সকাল ১১টা থেকে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও কলেজ ক্যাম্পাসে সরস্বতী পূজার কারণে কর্মসূচি দেরিতে শুরু হয়।
তিনি বলেন, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখব। আরও শিক্ষার্থী আমাদের সঙ্গে যোগ দিলে আমরা মহাখালী মোড়ে যাব।
এদিকে সাত দফা দাবি আদায়ে ষষ্ঠ দিনের মতো তিতুমীর কলেজ গেটের সামনে আমরণ অনশন করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।
মতামত দিন