জন্মাষ্টমীতে রাজধানীতে কড়া নিরাপত্তা, মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি গোয়েন্দা সদস্য, সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিট মোতায়েন থাকবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে জন্মাষ্টমীর সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি এবং জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতারা অংশ নেন।
সভায় জানানো হয়, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও টহল পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি ফুট পেট্রোল, সিসিটিভি পর্যবেক্ষণ, ডিবি ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের দায়িত্ব দেওয়া হবে। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটও প্রস্তুত থাকবে।
জন্মাষ্টমীর শোভাযাত্রা নির্ধারিত রুট ও সময়ের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। ধর্মীয় পরিবেশ বজায় রাখতে আজান ও নামাজের সময় লাউড স্পিকার ব্যবহার না করার জন্য আয়োজকদের নির্দেশনা দেওয়া হয়েছে। শোভাযাত্রার শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগেরও পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ব্যাগ বা পোটলা না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে নিজেরা কোনো ব্যবস্থা না নিয়ে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, জন্মাষ্টমী উৎসব যাতে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের পাশাপাশি শোভাযাত্রা ও অনুষ্ঠানস্থলে বৈদ্যুতিক লাইনসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মতামত দিন