Views Bangladesh Logo

ঈদযাত্রার চাপ কমাতে গার্মেন্টসে তিন ধাপে ছুটি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদে সড়ক, নৌ ও রেলপথে অতিরিক্ত চাপ কমাতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। এর অংশ হিসেবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের ছুটি তিন ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ও শিল্পাঞ্চল ত্যাগ না করেন।

সোমবার (১১ মে) রাজধানীর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ঈদযাত্রা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।সংবাদ পরিবেশন

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, এবারের ঈদে যাত্রীচাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি হবে। পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সার্বিক পরিবহন ব্যবস্থাপনায় আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাত্রী চাপ কমাতে গার্মেন্টস কর্মীদের ছুটি একসঙ্গে না দিয়ে তিন ধাপে ভাগ করে দেওয়া হবে। এতে রাজধানীসহ বড় শহরগুলো থেকে একযোগে মানুষের চাপ কমবে এবং মহাসড়কে যানজট ও দুর্ভোগ কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশে মোট ৬৯টি মোবাইল কোর্ট মাঠে থাকবে, যারা ট্রাফিক আইন লঙ্ঘন ও অনিয়ম নিয়ন্ত্রণে কাজ করবে। সায়েদাবাদ, গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাস টার্মিনালসহ সারাদেশে যাত্রী চলাচল ব্যবস্থায় কঠোর নজরদারি থাকবে। উদ্দেশ্য হলো—ঈদযাত্রা যেন নিরাপদ, স্বস্তিদায়ক এবং শৃঙ্খলাপূর্ণ হয়।

এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং মালামাল বহনে অনিয়ম ঠেকাতে রাজধানীর প্রধান বাস টার্মিনালসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ভিজিল্যান্স ও মনিটরিং টিম কাজ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ