Views Bangladesh Logo

চট্টগ্রামে গাড়িচালক সজীব হত্যায় তিনজনের ফাঁসি

চট্টগ্রামের নগরীর টোল রোড এলাকায় গাড়িচালক সজিব হত্যা মামলায় তিনজনের‍মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং থানার নুরুল আমিন, কুমিল্লার দেবীদ্বারের শাহজাহান এবং ফেনী সদর উপজেলার নুরুল আলম টুটুল। এদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নুরুল আলম টুটুল। বাকি দুজন পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।’

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন গাড়িচালক মো. সজীব। তিনি বিভিন্ন জেলায় মালামাল পরিবহনের কাজ করতেন।

নিখোঁজের ১০ দিন পর ২৭ অক্টোবর পাহাড়তলী থানার টোল রোডের পূর্বে শিল্প পুলিশের অধিগ্রহণ করা জমির পশ্চিম পাশের সেকান্দরের কৃষিজমি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে মরদেহটি নোয়াখালীর চাটখিলের বাসিন্দা সজীবের বলে শনাক্ত করা হয়।

পুলিশের নথিতে বলা হয়েছে, সজীবের মাথার পেছনে থেতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল। এ ঘটনার তদন্ত শেষে তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ সোমবার এ রায় দেওয়া হলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ