ঢামেকে এক দিনে তিন কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক দিনে তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দী এবং অপর দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। আজ রোববার সকালে পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়।
মারা যাওয়া তিনজন হলেন শাহাদাত হোসেন লিটন (৫২), আবুল বাশার (৫৮) ও আবদুল কাইয়ুম (৬২)। তাঁদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি ছিলেন।
কারাগার সূত্র জানায়, শাহাদাত হোসেন লিটন খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। অসুস্থ হয়ে গত ২৮ আগস্ট তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি মামলা এবং উত্তরা থানার হত্যা মামলায় তিনি বন্দী ছিলেন।
অন্যদিকে, চাঁদপুরের কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় বন্দী ছিলেন আবুল বাশার। তাঁর বাড়ি চাঁদপুরের কচুয়ার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। অসুস্থ হয়ে প্রায় ১৫ দিন আগে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। রোববার সকালে আবার অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল ৭টা ২৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল কাইয়ুম ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দী ছিলেন। চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা হয়েছিল তাঁর। শনিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। রোববার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কারারক্ষীরা তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সকাল ৯টা ৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, তিন বন্দীর মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপর দুজনও আগে থেকেই অসুস্থ ছিলেন। রোববার তাঁদের অসুস্থতার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
মতামত দিন