Views Bangladesh Logo

ভাটারায় গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে নতুন বাজারের ১০০ ফুট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং শাহীনের আট বছর বয়সী ভাগনি হাফসা আক্তার।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসাটিতে তিতাস গ্যাসের সংযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের পাইপ বা সংযোগস্থল থেকে লিকেজ হওয়ায় কক্ষের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানো বা অন্য কোনো আগুনের উৎস থেকে সৃষ্ট স্ফুলিঙ্গের সংস্পর্শে এসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন।

পরে স্বজন ও স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শাহীনের শরীরের প্রায় ৫০ শতাংশ, ফাহিমা আক্তারের ৪৫ শতাংশ এবং হাফসা আক্তারের ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনজনের অবস্থাই সংকটাপন্ন।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ থেকেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ