হামের উপসের্গ আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯১৮
দেশে হামের প্রাদুর্ভাব এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তিনজন মারা যান। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১৯ জনে। একই সময়ে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর ৯৯ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ ও পরীক্ষায় নিশ্চিত মৃত্যু মিলিয়ে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে ৯১৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৮০ জনে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর থেকে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সর্বশেষ মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে একজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে নিয়মিত পরিসংখ্যানে মৃতদের বয়সভিত্তিক বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
হামের সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এর আগে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিও নেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
মতামত দিন