হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২২৮
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৮ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু। এ সময়ে ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৮২৪ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৩।
এ সময়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪০৪ জনের। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৬০৯। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পর্যবেক্ষণে হাম পরিস্থিতির এসব তথ্য উঠে আসছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিনই হাম ও হামের উপসর্গ নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত দিন