Views Bangladesh Logo

ক্যারিবিয়ান সাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এ অভিযানে সন্দেহভাজন ‘মাদক সন্ত্রাসীদের’ টার্গেট করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড। খবর আল জাজিরার।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চালানো হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। এতে দেখা যায়, একটি মিসাইল আঘাত হানার পর নৌযানটি বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সাউদার্ন কমান্ডের দাবি, নিহত ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের পক্ষে তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি।

তথ্যমতে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। গত কয়েক মাসে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান অঞ্চলে প্রায় ৪০টি নৌযানকে লক্ষ্য করে ৩৮টি হামলা চালানো হয়েছে।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এ ধরনের হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে আখ্যায়িত করেছেন। তাদের মতে, অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি না করে সমুদ্রে সরাসরি প্রাণঘাতী হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

অন্যদিকে, মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছেন, এসব ‘কাইনেটিক স্ট্রাইক’-এর ভয়ে মাদক কারবারিরা কার্যক্রম কমাতে বাধ্য হয়েছে। তবে সমালোচকদের অভিযোগ, এ ধরনের অভিযানে অনেক সময় নিরপরাধ মৎস্যজীবী বা সাধারণ মানুষও প্রাণ হারাচ্ছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানে ‘মাদক কারবারিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে সামরিক হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ