রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোর থেকে মধ্যরাতের মধ্যে ডেমরা, বিমানবন্দর এলাকা ও বিজয় সরণিতে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা থানার স্টাফ কোয়ার্টার পুলিশ বক্সের বিপরীত পাশে এক্সপ্রেসওয়ের সেতুর ওপর দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি নিহত হন। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে কালো রঙের শার্ট ও প্যান্ট ছিল।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের উত্তর পাশে ওয়ান-স্টপ সিএনজি পাম্পসংলগ্ন প্রধান সড়কে গাড়ির ধাক্কায় আহত হন মো. নজরুল ইসলাম (৫০)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে তিনি মারা যান।
নজরুল ইসলামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম আলীপুর গ্রামে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন।
অন্যদিকে, বুধবার মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী ইয়াকুব আলী (৫০) নিহত হন। তিনি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের ছেলে মানিক ইয়াসিন জানান, কাজ শেষে রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন