Views Bangladesh Logo

নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, সাম্প্রদায়িক এই উত্তেজনা আরও কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত রোববার রাতে ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু শোভাযাত্রার সময় সংঘর্ষের সূত্রপাত হয়। সেই সময় উচ্চস্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা ব্যবহার নিয়ে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

নেপাল পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে জানান, সংঘর্ষে প্রাথমিকভাবে দুজন নিহত হন। এরপর আরও সংঘর্ষ এড়াতে কর্তৃপক্ষ সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করে। এই কারফিউ চলাকালেই বৃহস্পতিবার বিক্ষোভের সময় সিরাহা জেলায় তৃতীয় ব্যক্তি নিহত হন।

তৃতীয় মৃত্যুর পর বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমি নাগরিক, নাগরিক সমাজ, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল ও দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছি।’

শাহ আরও বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই ঘটনার তদন্ত হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ। যেই দায়ী থাকুক না কেন, তাকে বিচারের আওতায় আনা হবে।’

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত থেকে সুনসারি, সপ্তরী, সিরাহা ও ধনুষা জেলায় কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সুনসারি থেকে সহিংসতা ছড়িয়ে পড়ায় পারসা জেলাতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপকসংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ