যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট।
দমকল বিভাগের এক মুখপাত্র বিবিসিকে জানান, হেলিকপ্টারটি দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর আহত একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। বিভিন্ন ফুটেজে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারটির পাইলটের পরিচয় জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার ছিল। দুর্ঘটনার আগে এটি একটি গুরুতর বাস দুর্ঘটনার ঘটনাস্থলের কাছাকাছি উড়ছিল।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান স্থানীয় সংবাদমাধ্যম সিবিএসের সহযোগী প্রতিষ্ঠানকে জানান, দুর্ঘটনার সময় হেলিকপ্টারের বাইরে থাকা একজনকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তবে দুর্ঘটনার সময় হেলিকপ্টারের ভেতরে ঠিক কতজন ছিলেন, সে বিষয়ে তিনি নিশ্চিত কোনো তথ্য দেননি।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের ব্যবহৃত কোনো উড়োজাহাজ নয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।
সূত্র: বিবিসি
মতামত দিন