Views Bangladesh Logo

কারওয়ান বাজারে ট্রাফিক পুলিশকে মারধর, নারীসহ তিনজনের সাজা

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় তিনজনকে সাজা দেওয়া হয়েছে। তারা হলেন অতিথি গ্রুপের কর্মকর্তা আফিয়া কনক এবং প্রতিষ্ঠানের দুই নিরাপত্তাকর্মী মো. শামসুজ্জামান ও রাজু আহম্মেদ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সাজা দেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে হোটেল সোনারগাঁওয়ের বহির্গমন ফটক থেকে দুটি গাড়ি বেরিয়ে প্রধান সড়কে আসে। তখন সোনারগাঁও সিগন্যালের উত্তর পাশের যানবাহন চলাচলের সিগন্যাল চালু থাকায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া গাড়ি দুটিকে পেছনে যেতে বলেন। কিন্তু গাড়িটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে সামনে এগিয়ে যায়। গাড়ি থেকে চার-পাঁচজন নেমে দায়িত্বরত পুলিশ সদস্যকে বলেন, গাড়িতে ভিআইপি আছে, পেছানো যাবে না। ট্রাফিক কনস্টেবল শামীম মিয়া আইনি ব্যবস্থা নিতে গাড়ির নম্বর প্লেটের ভিডিও করার চেষ্টা করেন। এ পর্যায়ে গাড়ি থেকে নেমে আফিয়া কনক পুলিশ সদস্যের মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলেন এবং তাঁকে মারধর করেন।

উপকমিশনার জানান, ঘটনার পরপরই অতিথি গ্রুপের দুই নিরাপত্তাকর্মীকে আটক করে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়। পরে ঘটনার মূল হোতা আফিয়া কনকসহ তিনজনকে তেজগাঁও বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে ম্যাজিস্ট্রেট সড়ক পরিবহন আইনের ধারা অনুযায়ী আফিয়াকে ১০ হাজার ও রাজুকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া শামসুজ্জামানকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ