Views Bangladesh Logo

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনবার ভূমিকম্প

এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে বাংলাদেশের পূর্ব ও উত্তরাঞ্চলের নিকটবর্তী সীমান্ত এলাকায় তিনটি মৃদু ভূমিকম্প হয়েছে। সোমবার (২৯ জুন) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ভারতের মণিপুর, অরুণাচল প্রদেশ-ভুটান সীমান্ত এবং সুনামগঞ্জ সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যে এই ভূকম্পনগুলোর উৎপত্তি হয়।

ভারতের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার দেওয়া তথ্যানুযায়ী, সোমবার ভোর ৪টা ১২ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে মণিপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫৯ কিলোমিটার গভীরে।

এর মাত্র পাঁচ মিনিট পর ভোর ৪টা ১৭ মিনিটে অরুণাচল প্রদেশ ও ভুটান সীমান্তবর্তী এলাকায় ৩ দশমিক ০ মাত্রার দ্বিতীয় ভূকম্পনটি রেকর্ড করা হয়। এটির উপকেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৭ কিলোমিটার গভীরে, যা ভূতাত্ত্বিক ভাষায় অত্যন্ত ‘অগভীর ভূমিকম্প’ হিসেবে বিবেচিত। এছাড়া সর্বশেষ ভোর ৫টা ৫ মিনিটে সুনামগঞ্জ জেলার উত্তর সীমান্তে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যে ২ দশমিক ৯ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

কাছাকাছি সময়ে হওয়া এই মৃদু কম্পনগুলো সীমান্ত লাগোয়া বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় হালকা অনুভূত হয়।

এর আগে রোববার রাত পৌনে ১০টার দিকে কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় তুলনামূলক কিছুটা জোরালো কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-মেডিটেরিনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার-মিয়ানমার সীমান্তবর্তী এলাকা।

দেশের সীমান্ত ও অভ্যন্তরীণ অঞ্চলে পর পর এই ভূকম্পনে সাধারণ মানুষের মনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ