বগুড়ায় পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামের একটি খাসের পুকুরে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আপন ভাই-বোন রয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১২ টার দিকে ওই উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের এ ঘটনা ঘটে। পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর তথ্য ও নাম পরিচয় নিশ্চিত করেন বগুড়া কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।
মৃতরা হলো— ভালতা আদর্শ গুচ্ছগ্রামের ফাহিম (৮) ও তার বোন সুরাইয়া খাতুন (৫)। তাদের বাবার নাম ফারুক হোসেন। পানিতে ডুবে মারা যাওয়া অন্যজন হলো জাকিরুল ইসলাম (৬)। তার বাবার নাম রাশেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১২ টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন খাসের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানী আবেদা বেগমের অনুরোধে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ফাইমের মরদেহ উদ্ধার করেন। এরপরও সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খাসের পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভালতা আদর্শ গুচ্ছগ্রামের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে ওই তিন শিশু মার গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
মতামত দিন