Views Bangladesh Logo

মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটির বিভিন্ন অংশ পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লাখ ৫০ হাজার থেকে ১৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ভোরে পল্লবীর কালশী রোডের ফুলকলি মোড়ে দুটি বাসে এবং রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির পেছনের ১৪ থেকে ১৬টি আসন, আসনের কাভার, জানালার কাচ, পেছনের গ্লাস ও বডির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন জানান, রাত ১টার দিকে বাসটিতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে, একই দিন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার পাশে রাখা বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণের দুটি বাসে আগুন দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বিকল্প পরিবহণের বাসটির সব আসন, কাচ ও বডি পুড়ে যায়। বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা।

অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার কাচ, কয়েকটি আসন ও আসনের কাভার পুড়ে গেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ