শুভেন্দু অধিকারীর সহকারী হত্যায় গ্রেপ্তার ৩
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে এই তথ্য নিশ্চিত করেছেন সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিশাল শ্রীবাস্তব, মায়াঙ্ক রাজ মিশ্র ও রাজ সিং। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, তাদের মধ্যে বিশাল শ্রীবাস্তব বিহারের বক্সার জেলার বাসিন্দা এবং বাকি দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা।
এনডিটিভি জানিয়েছে, কলকাতার কাছে বালির একটি টোল বুথে আক্রমণকারীদের মোবাইল ফোন থেকে করা ইউপিআই পেমেন্ট ট্র্যাক করার পর পুলিশ উত্তরপ্রদেশ ও বিহার থেকে তাঁদের গ্রেপ্তার করে।
তদন্তকারীদের ধারণা, ধৃতদের মধ্যে একজন পেশাদার শুটার। পুলিশ জানিয়েছে, এই হত্যাকাণ্ডে অন্তত আটজন জড়িত ছিল এবং ডিজিটাল তথ্যপ্রমাণ ও ভিনরাজ্যের যোগসূত্র অনুসরণ করেই এই সাফল্য এসেছে।
সিআইডির এক কর্মকর্তা বলেন, “এটি তদন্তের একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে হামলাকারীরা পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা ছিল। প্রযুক্তিগত নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিংয়ের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল বা সিআইডির একটি দলকে উত্তরপ্রদেশ ও বিহারে পাঠানো হয়েছিল।” পুলিশের বিশ্বাস, রথকে লক্ষ্য করার আগে হামলাকারীরা দীর্ঘক্ষণ এলাকাটি রেইকি বা পর্যবেক্ষণ করেছিল।
উল্লেখ্য, গত ৬ মে রাতের ওই হামলায় চন্দ্রনাথ রথের গাড়িচালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের ভাষ্যমতে, মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে পুরো অপারেশনটি শেষ করেছিল হামলাকারীরা। প্রথমে একটি রুপোলি রঙের গাড়ি রথের গাড়ির সামনে এসে পথ আটকায়। এরপর বাইকে আসা দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে