Views Bangladesh Logo

নয়া পল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতা–কর্মীদের ভিড়

মে দিবসে সমাবেশের জন্য প্রস্তুত নয়া পল্টন। সমাবেশে দলে দলে যোগ দিতে শুরু করেছে নেতাকর্মীরা। আনুষ্ঠানিকভাবে শুক্রবার দুপুর আড়াইটায় এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘‘ দুযোর্গপূর্ণ আবহাওয়া, তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে।

‘‘এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা প্রত্যাশা করছি, মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে স্মরণকালের মানুষের সমাগম ঘটবে।”

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

এই সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কল-কারখানা থেকেও শ্রমিকরা ঢাকায় আসবেন জানিয়ে আনোয়ার হোসেইন বলেন, ‘‘ বেলা আড়াইটায় আমরা সমাবেশের কার্যক্রম শুরু হবে। গাজীপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ প্রভৃতি জেলার শিল্প-কলকারখানার শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।”

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট।

উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।

আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।

দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।

শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ